সম্প্রতি সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা তার দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন, এ খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সংগীতাঙ্গনে। প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ, সব মিলিয়ে প্রায় এক যুগের এই সম্পর্কের ভাঙনের পর নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। এবার এই ঘটনায় যেন প্রতিক্রিয়া জানালেন আরেক সংগীতশিল্পী সালমা আক্তার।
সালমা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লেখেন,
“মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কঠিন সময়ে শিল্পীর পাশে থাকাটা জরুরি। আমাদের ট্যাগ কিন্তু আমরা শিল্পী। সেখানে আমাদের কর্তব্য—সবাই একসঙ্গে মিলে থাকাটা। দুই দিনের দুনিয়া, কে কখন আছি আবার নেই। যার যার কষ্ট, তার তার।”
যদিও সালমা কারো নাম উল্লেখ করেননি, কিন্তু অনেকেই মনে করছেন, তার এই স্ট্যাটাস সরাসরি কনাকে উদ্দেশ্য করেই লেখা। মন্তব্যের ঘরে অনেকেই কনার প্রতি সমর্থন জানিয়ে সালমার বক্তব্যকে প্রশংসাও করেছেন।
এর আগে, ২৫ জুন কনা নিজের বিচ্ছেদের খবরটি জানিয়ে একটি আবেগঘন ফেসবুক পোস্টে লেখেন,
“আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে, সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।”
তবে এই পোস্টকে ব্যঙ্গ করে আরেক সংগীতশিল্পী ন্যান্সি লেখেন,
“জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়, বাণীতে শেয়াল রাণী।”
ন্যান্সির এমন মন্তব্যকে অনেকে কটু ও ব্যক্তিগত আক্রমণ বলেও সমালোচনা করেছেন।
উল্লেখ্য, কনা ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পেছনে ‘পারস্পরিক বোঝাপড়ার অভাব’ এবং ‘ব্যক্তিগত জটিলতা’কে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
২০০০ সাল থেকে কনা গান গেয়ে শ্রোতাদের মন জয় করে আসছেন। প্লেব্যাক, অ্যালবাম, নাটক, বিজ্ঞাপন, রেডিও থেকে টিভি—সবখানেই তার সরব উপস্থিতি তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে।
এদিকে কনার ব্যক্তিগত জীবন ঘিরে চলমান বিতর্ক নিয়ে সংগীতাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে—সমর্থন, সমালোচনা আর ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মধ্যেই যেন রয়ে গেছে শিল্পীদের সম্পর্কের টানাপড়েন।
বিনোদন ডেস্ক 



















