ঢাকার আশুলিয়ায় উল্টো পথে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়েছে লরি। এ ঘটনায় অটোরিকশাটির আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী ব্যবসায়ী আলতাফ হোসেন (৫০), নূরজাহান (২৪) ও তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪)। তারা সবাই আশুলিয়ার বলিভদ্র এলাকায় বসবাস করতেন। আহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ বলছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের গর্তে পড়ে অটোরিকশাটি উল্টে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে রিকশাচালক ও শিশুসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিক থেকে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থেকে আসা একটি লরি দেখে চালক রিকশাটি রাস্তার মাঝখান দিয়ে সরানোর চেষ্টা করেন। রাস্তায় পানি থাকায় রিকশাটি একটি গর্তে পড়ে উল্টে যায়। এসময় লড়ির পেছনের চাকা অটোরিকশার চালক ও যাত্রীদের চাপা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান। আহত অবস্থায় রিকশাচালকসহ তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরো দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ বলেন, আমি রাস্তা পার হচ্ছিলাম। রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে একটি লরির পেছনের চাকায় চাপা পড়েন যাত্রীরা। একজন ঘটনাস্থলে মারা যান, বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজন শিশু ও একজন নারী ছিলেন।
ঘটনাস্থলের পাশের দোকানদার মাইনুল ইসলাম বলেন, আমি দোকানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি রিকশা উল্টে আছে। একজন মারা গেছেন। বাকিদের হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যান।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে একটি অটোরিকশা তিনজন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিল। রিকশাটি সড়কের গর্তে পড়ে উল্টে গেলে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির নিচে চাপা পড়ে। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন। তিনি আরো বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করেন। পুলিশ বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
আশুলিয়া প্রতিনিধি : 



















