প্রতিবেদক :শাহীনুল হক
ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনে জড়িয়ে দগ্ধ হয়েছেন নাহিদ (২২) নামের এক গ্লাস মিস্ত্রি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে হেমায়েতপুর–সিংগাইর সড়কের ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি আটতলা নির্মাণাধীন ভবনের চার তলায় গ্লাস লাগানোর কাজ করছিলেন নাহিদ। এসময় ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনে অসাবধানবশত জড়িয়ে পড়েন তিনি। বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ অবস্থায় নাহিদ চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই নির্মাণাধীন ভবনটির মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ, ফলে ভবনের সংশ্লিষ্টদের কাউকেই পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনটিতে কাজ করানো হচ্ছিল।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন বলেন, “নাহিদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।”
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Reporter Name 


















