সোনালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের জুলাই মাসের ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভায় ২০২৫ সালের ব্যবসায়িক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তৃতীয় সেরা শাখা ব্যবস্থাপক হিসেবে সম্মাননা পেয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা শাখার ব্যবস্থাপক বেলায়েত হোসেন।
সোমবার (২৭ জুলাই) ফরিদপুরে অনুষ্ঠিত ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভায় তাঁকে সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বাক্ষরিত সম্মাননাপত্র প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. তানজিমুল ইসলাম। ফরিদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জিত কুমার বনিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেনারেল ম্যানেজার’স অফিস, ফরিদপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর বিকাশ পাল।
সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, খেলাপি ঋণ হ্রাস, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং চলমান বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ বেলায়েত হোসেনকে এ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি মো. তানজিমুল ইসলাম বলেন, সোনালী ব্যাংকের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রতিটি শাখাকে সততা, দক্ষতা ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যাঁরা নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করছেন, তাঁদের এ ধরনের স্বীকৃতি অন্যদেরও আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে।
সম্মাননাপত্র গ্রহণের পর বেলায়েত হোসেন বলেন, এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত নয়; বরং আলফাডাঙ্গা শাখার সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও গ্রাহকসেবার মান আরও উন্নত করে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 


















