ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা, রথ পরিক্রমা, মহাপ্রসাদ বিতরণ ও ঐতিহ্যবাহী রথের মেলাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টায় পূজা-অর্চনার পর সকাল ১১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের সুসজ্জিত রথ আলফাডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। এ সময় শত শত ভক্ত রথের রশি টেনে অংশ নেন এবং পুরো এলাকা ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, আগামী ২৪ জুলাই পুনর্যাত্রা (উল্টো রথ) অনুষ্ঠিত হবে। প্রথম রথযাত্রা থেকে পুনর্যাত্রা পর্যন্ত প্রতিদিন রাতে ধর্মীয় অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
এ সময় রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী রনেন্দু বিশ্বাস, উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি শ্রী নিত্য গোপাল মণ্ডল, সাধারণ সম্পাদক শ্রী প্রবীর কুমার বিশ্বাস, উপদেষ্টা কার্তিক চন্দ্র দাস, ডা. সুমন রায়সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 



















