ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। এর আগে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
বিআইডব্লিউটিসি জানায়, ঘন কুয়াশার কারণে নৌপথের বিকন বাতি ও বিভিন্ন মার্কিং পয়েন্ট দৃশ্যমান না থাকায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ‘ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ মাঝ নদীতে অবস্থান করছিল।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, রাতভর কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলে রোববার সকাল সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি : 


















