বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে অভিন্ন স্বার্থ গড়ে উঠলে তা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান।
মঙ্গলবার (৮ জুলাই) থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ORF) আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
জেনারেল চৌহান বলেন, “চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যদি কোনো ধরনের স্বার্থের সাযুজ্য সৃষ্টি হয়, তবে তা ভারতের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে।”
তিনি আরও বলেন, “ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোতে বাইরের শক্তিগুলো অর্থনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এ ধরনের প্রবণতা ভারতের জন্য কৌশলগত দুর্বলতা সৃষ্টি করতে পারে।”
চীনের ভূমিকাসংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, অপারেশন সিন্দুর চলাকালে চীনের পক্ষ থেকে পাকিস্তানকে সরাসরি কী ধরনের সহায়তা দেওয়া হয়েছিল, তা নির্ধারণ করা কঠিন। তবে ভারতের উত্তরের সীমান্তে (চীনের দিক) তখন কোনো ব্যতিক্রমী সামরিক তৎপরতা দেখা যায়নি।
অপারেশন সিন্দুর প্রসঙ্গে জেনারেল চৌহান বলেন, “সম্ভবত এই প্রথমবার দুইটি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশ সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছে। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে, পারমাণবিক হুমকি দিয়ে তাকে থামানো যাবে না।”
তিনি আরও বলেন, “এই অভিযান একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘটনা, যা বিশ্বব্যাপী কৌশলগত বিশ্লেষণে নতুন শিক্ষা দিতে পারে। ভবিষ্যতের যুদ্ধ শুধু স্থল বা আকাশেই সীমাবদ্ধ থাকবে না, তা সাইবার ও ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধক্ষেত্রেও সম্প্রসারিত হতে পারে।”
অনলাইন ডেস্ক : 



















