মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে| এ উপলক্ষে সোমবার (২৫ মে) কবির স্মৃতি বিজড়িত ও কবি পত্নী প্রমীলার জন্ম ভিটা শিবালয়ের তেওতা গ্রামে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে|
এর মধ্যে সকাল ১০টায় তেওতা জমিদারবাড়ি প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর সহধর্মিণী প্রমীলা দেবীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়| পরে সকাল ১১টায় প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়| এরপর সাড়ে ১১টায় কুইজ প্রতিযোগিতা এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নজরুল সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়|
বিকাল ৩ টায় “দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল” শীর্ষক প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়| পরে বিকাল ৪টা ৪৫ মিনিটে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নজরুল-প্রমীলা পরিষদের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ, নজরুলপ্রেমী সংগঠনের সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন|
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রাণী কর্মকার| এসময় বক্তব্য রাখেন শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, তেওতা ইউনিয়নের প্রশাসক ও প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান, সামছুল হক মাস্টার, জাসাস সভাপতি আলী আশরাফ রাবুল, ডা. আতোয়ার রহমান, মইন বিশ্বাস, মতিউর রহমান, প্রভাষক আজাদুর রহমান, তেওতা একাডেমির প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, সাবেক সহকারী শিক্ষক অজয় কুমার চক্রবর্তী এবং হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ|
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত শিবালয়ের তেওতা অঞ্চলকে কেন্দ্র করে নজরুল-প্রমীলা বিশ্ববিদ্যালয়, নজরুল গবেষণা কেন্দ্র এবং একটি আধুনিক মিউজিয়াম নির্মাণ করা জরুরি| এতে করে কবির স্মৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্ম তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন সম্পর্কে আরও সমৃদ্ধ ধারণা লাভ করবে|
কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক| অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরৎ চন্দ্র হলদার ও কাজী আরিফ|
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারাও তেওতায় নজরুল-প্রমীলা বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র ও মিউজিয়াম নির্মাণের জোর দাবি জানান|
নিউজ ডেস্ক 


















