স্টাফ রিপোর্টার :
ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার ইসলামনগর এলাকার মো. সুলতান শেখের ছেলে মো. ইসমাইল (২৭) এবং আশুলিয়ার গেরুয়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. শরীফ (৩৮)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আশুলিয়ার ইসলাম নগর এলাকার সুলতান শেখের ছেলে ইসমাইল এবং গেরুয়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. শরীফকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নিষিদ্ধ ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় মাদক কারবারিতে জড়িত বলে জানিয়েছে ডিবি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 









