ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের মাত্র ১৬ দিনের মাথায় পদোন্নতি পেয়েছেন ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মুহঃ শাহনুর জামান। তাঁকে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুহঃ শাহনুর জামানকে জনস্বার্থে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে তিনি ফৌজদারি কার্যবিধির ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রয়োগ করবেন।
এর আগে গত ৪ আগস্ট ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মুহঃ শাহনুর জামানকে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। এরপর তিনি আলফাডাঙ্গায় যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র ১৬ দিনের মাথায় তাঁর পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়নের আদেশ আসে।
মুহঃ শাহনুর জামান বলেন, আলফাডাঙ্গায় অল্প সময় দায়িত্ব পালন করলেও এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসা মনে থাকবে। সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞ। নতুন কর্মস্থলেও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।
স্বল্প সময়ের ব্যবধানে ইউএনওর পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করেছে।
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 


















