ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার শিকার কলেজছাত্র সুমন শেখের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাড়ি পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শনিবার (৪জুলাই) বিকেলে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে নিহত সুমন শেখের বাড়িতে পৌঁছে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। স্বজনদের কান্নাভেজা পরিবেশে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, একজন নিরীহ ও মেধাবী শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা হয়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, নিহত পরিবারের ন্যায়বিচারের প্রত্যাশা যেন কোনোভাবেই বিফলে না যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।
উল্লেখ্য, গত ২৬ জুন সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় দীর্ঘদিনের পূর্বশত্রুতা ও গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে সুমন শেখকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই শামীম শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের বাড়িতে খন্দকার নাসিরুল ইসলামের সফরকালে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 









