দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব নিজস্ব স্থায়ী কার্যালয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে।
আগামীকাল শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসভার ডাকবাংলো সংলগ্ন পুকুর মার্কেটে অবস্থিত নবনির্মিত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নান্দনিক সাজসজ্জা, দৃষ্টিনন্দন ডিজিটাল ব্যানার ও আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত নতুন কার্যালয়টি স্থানীয় সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।
২০০৮ সালে প্রতিষ্ঠিত আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব দীর্ঘদিন ভাড়া কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করলেও এখন থেকে সংগঠনের সব কার্যক্রম নিজস্ব স্থায়ী কার্যালয় থেকেই পরিচালিত হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই কার্যালয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।
প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীম বলেন, নিজস্ব কার্যালয়ের উদ্বোধন আমাদের জন্য একটি গর্বের ও তাৎপর্যপূর্ণ অর্জন। সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার মানোন্নয়নে আমরা অতীতের মতো ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাব।
সংশ্লিষ্টদের মতে, নতুন কার্যালয়টি সাংবাদিকদের মতবিনিময়, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত কার্যক্রম পরিচালনার একটি আধুনিক ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 









