মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর উপজেলার আরুয়া ও বাল্লা ইউনিয়ন এর মাচাইন বাজার থেকে মালুচীস্থ রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দ ও ভাঙাচোরা এ সড়কে প্রতিদিন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কৃষক ও সাধারণ পথচারীদের।
স্থানীয়দের অভিযোগ, অতিবৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে মারাত্মক ভাঙ্গনের তৈরি হয়। এতে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় যানবাহন ভাঙ্গায় পড়ে দুর্ঘটনার ঘটনাও ঘটে।

রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে তাদের ভোগান্তির শেষ নেই। রাস্তায় অটোরিকশায় চড়ে আতঙ্কের মধ্য দিয়ে স্কুলে যেতে হয়। অনেক শিক্ষার্থী সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারে না।
স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের ভাষ্য, সড়কের বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য বাজারজাত করতে অতিরিক্ত সময় ও ব্যয় হচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠানগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আরুয়া ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড এর ইউ, পি, সদস্য সোহেল রানা এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি বর্তমান আরুয়া ইউনিয়ন এর প্রশাসক শিবালয় উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম এর নজরে আনা হলে তিনি উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার এর বরাবর দরখাস্ত দেন এবং প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া সাপেক্ষে সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।

স্টাফ রিপোর্টার : মোঃ জাহাঙ্গীর আলম 



















