বিশ্বব্যাপী সামাজিক ব্যবসায় জড়িত উদ্যোক্তা ও নেতাদের অংশগ্রহণে সাভারের জিরাবোতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে ২০২৫। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের যৌথ আয়োজনে সামাজিক ব্যবসার এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন নোবেল বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।”**
এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের অন্তত ২৫টি দেশ থেকে আসা ১৮০ জনের বেশি বিদেশিসহ সহস্রাধিক অতিথি। সম্মেলনে থাকবে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন। অংশগ্রহণকারীরা সামাজিক ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
অনুষ্ঠানে স্থানীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শতাধিক বক্তা সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের টেকসই মডেল গড়ার দৃষ্টান্ত তুলে ধরবেন।
প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ড. ইউনূস।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করবেন, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সহকারী প্রফেসর মো. সাইদুর রহমান
মেডট্রনিকের সাবেক সিইও ও চেয়ারম্যান, ইন্টেল করপোরেশনের সাবেক বোর্ড চেয়ারম্যান ওমর ইশরাক, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাজেল্ডিন, জাতিসংঘের পরিবেশবিষয়ক সাবেক নির্বাহী পরিচালক ও নরওয়ের সাবেক জলবায়ুমন্ত্রী এরিক সোলহেইম
সামাজিক ব্যবসার মাধ্যমে বৈষম্য হ্রাস, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও পরিবেশবান্ধব উন্নয়ন কেমনভাবে সম্ভব, এ সম্মেলনে তা তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। তারা মনে করেন, সামাজিক ব্যবসা একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক বিকল্প অর্থনৈতিক মডেল হিসেবে আগামী দিনে বিশ্বব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক 


















