বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ নিয়ে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণে বিশ্বের ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপক্ষীয় পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান থেকে কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নেবেন।
শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সর্বাধিক প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল বাংলাদেশে আসছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্ক, যেখানে ১২ জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।
এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে পর্যবেক্ষক আসবেন। পাশাপাশি শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে একজন করে প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত হয়েছে।
গুরুত্বপূর্ণ পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান ও ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।
নির্বাচনী পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ জানান, এ পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। সামনে আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে কমনওয়েলথের ১৪ সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানান আকুফো-আদ্দো। এ দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মালদ্বীপের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাজি।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এই মিশনে ইইউ পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য থাকবেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩০০টি আসনে এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দলের প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে দেশব্যাপী ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেস্ক : 


















