শারদীয় দুর্গোৎসবের মহোৎসব শেষ হলো শুভ বিজয়ার মধ্য দিয়ে। দুর্গাপূজার শেষ দিন অর্থাৎ দশমীতে উথলী মানবকল্যাণ বন্ধু সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মহা বিজয়া র্যালি। এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে র্যালিটি যেন উৎসবের আবহকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়।
প্রত্যেক বছরই এ সংঘের পক্ষ থেকে বিজয়া দশমীতে র্যালির আয়োজন করা হয়। তবে এ বছর উপস্থিতির ব্যাপ্তি এবং উৎসাহ ছিল সত্যিই চোখে পড়ার মতো। নানা রঙের ব্যানার, ঢাক-ঢোল, মাইক্রোফোন ও উল্লাসধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। পথজুড়ে মানুষের ভিড় যেন এক অন্যরকম আনন্দের পরিবেশ তৈরি করে।

উথলী মানবকল্যাণ বন্ধু সংঘ এ বছর ১৩তম বার দুর্গাপূজার আয়োজন করল। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন এলাকার তরুণ সমাজকে একত্রিত করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করে আসছে। শুধু পূজা আয়োজন নয়, বরং সারাবছরই সংগঠনটি সমাজকল্যাণমূলক নানা কাজে এগিয়ে আসে।সংগঠনের অন্যতম সদস্য দীপংকর অধিকারী বলেন, “এই র্যালির মাধ্যমে পূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা হয়। মানুষের মাঝে একটু আনন্দ ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।”
সভাপতি সুমন দাস ও সাধারণ সম্পাদক সুমন দাস এক যৌথ মন্তব্যে জানান, তারা প্রতিবছরই সুশৃঙ্খলভাবে এই র্যালির আয়োজন করে থাকেন এবং স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়। তাদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
সংগঠনের সদস্য সাগর রাজবংশী, অমিও দাস, চিন্ময় সাহা, গৌরাঙ্গ সরকার, সৌরভ সাহা, উত্তম দাস, তন্ময় দাস, দূর্জয় দাস, অনজন, ঘন্টি, রনি, মিঠুন, রিতু, সুমিত, রিদয়, মাম্পি, আদ্রি, কিশোর, কৌশিক, রিক্তা, রুদ্রসহ আরও অনেকে একবাক্যে বলেন, “এই র্যালির মাধ্যমে আমরা শুধু উৎসব পালন করি না, বরং একটাই মূল বার্তা পৌঁছে দিই—‘একতাই বল’।”র্যালির পুরো সময়জুড়ে তরুণদের উচ্ছ্বাস, বর্ণিল সাজসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানানোর দৃশ্য ছিল সত্যিই মনোমুগ্ধকর। স্থানীয় বাসিন্দারাও র্যালি উপভোগ করেন এবং অনেকেই মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আনন্দ ছড়িয়ে দেওয়ার এক অসাধারণ দৃষ্টান্ত।
উথলী মানবকল্যাণ বন্ধু সংঘের সদস্যরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন এবং সমাজে ঐক্য, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেবেন।
দিপংকর অধিকারী, প্রতিবেদক : 


















