‘মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
পক্ষকালব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, মা মাছ ও পোনা রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাছ ধরা বন্ধ থাকে। এ সময় তাদের আয়ের বিকল্প কোনো পথও থাকে না। অথচ আলফাডাঙ্গার জেলেদের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ না থাকা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের অন্তত দুই বেলা খাবারের নিশ্চয়তা দিতে জরুরি ভিত্তিতে ভিজিএফ কার্ড বরাদ্দ করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ডিও পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে নিজে মন্ত্রণালয়ে গিয়ে জেলেদের ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করবেন বলেও জানান তিনি।

আলফাডাঙ্গার মৎস্য খাতের সম্ভাবনার কথা তুলে ধরে ইলিয়াস মোল্লা বলেন, এ উপজেলায় স্থানীয় চাহিদার তুলনায় বেশি মাছ উৎপাদিত হয়। জলাশয়গুলো সঠিকভাবে ব্যবস্থাপনা ও উন্মুক্ত করা গেলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। সরকার ঘোষিত ‘যার জাল, তার জলাধার’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত জেলেদের জলাশয়ে মাছ ধরার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। মাছের উৎপাদন আরও বাড়াতে মৎস্য খাতে গবেষণার পরিধি বাড়াতে হবে। জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নতুন গবেষক তৈরির উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।
এ সময় আরও বক্তব্য দেন এগ্রিকালচারলিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল-আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন ও সেক্রেটারি এস এম হাফিজুর রহমানসহ অনেকে।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্যচাষী হিসেবে অমৃত লাল বিশ্বাস, মোহাম্মদ আলী ও গোবিন্দ বিশ্বাসকে সম্মাননা পদক প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্য দিয়ে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর বিভিন্ন কর্মসূচি চলবে।

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 



















