ঢাকা-আরিচা মহাসড়কের উথলী মোড় ও বরঙ্গাইল মোড়ে চলাচলকারী বিভিন্ন গণপরিবহনে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এ সময় ৬টি মামলায় মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা রানী কর্মকার।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাসড়কের উথলী ও বরঙ্গাইল মোড়ে বিভিন্ন যাত্রীবাহী বাস নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়াই যত্রতত্র দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করাচ্ছিল। এতে রাস্তায় তীব্র যানজটের পাশাপাশি সাধারণ মানুষের চরম জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। এছাড়া যথাযথ ও বৈধ কাগজপত্র ছাড়াই কিছু যানবাহন চলাচল অব্যাহত রেখেছিল। এমন অনিয়মের বিরুদ্ধে আজ এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার বলেন, “মহাসড়কে যত্রতত্র বাস থামিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা এবং কাগজপত্র ছাড়া যানবাহন চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে জনস্বার্থে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
মানিকগঞ্জ প্রতিনিধি: 

























